কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
রোববার দুপুর ২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেবাঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ময়মনসিহের নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার মিলন (৩০) ও তাঁর পাঁচ বছর বয়সী শিশু কন্যা জারা মনি (৫) এবং শ্বাশুড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রাবেয়া (৫০)। আহতদের মধ্যে পিয়া ও রবিউল আলমের নাম জানা গেছে। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান,, দুপুরে কিশোরগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে কটিয়াদীর দিকে যাচ্ছিলো। আচমিতা ইউনিয়নের তেবাঘা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। মুহূর্তেই অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আনিসুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নবীনুর জানান, সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
নিউজ ভিশন টুডে ডেস্ক : 


















