নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দিনটি ছিল উৎসবমুখর, আনন্দের এবং গর্বের। ‘কাশেম আলী সরদার – জয়নব বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, মহাদেবপুর-মাতাজী রোডের রোকেয়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকেই কমিউনিটি সেন্টার চত্বরে সাজ সাজ রব। বর্ণিল পোশাকে সজ্জিত মেধাবী শিক্ষার্থীরা তাদের পরিবার ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে থাকেন। অনুষ্ঠান শুরু হতেই প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে পুরো হলরুম ভরে ওঠে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের মুহূর্তটি। হাতে পুরস্কার ও সনদপত্র নিয়ে মঞ্চে ওঠা এবং দর্শকদের করতালিতে মুখরিত হওয়ার প্রতিটি মুহূর্ত ছিল তাদের জন্য অমূল্য।
মঞ্চের সামনে কথা হলো মহাদেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন শারমিনের সাথে। সে জানায়, “আজকের দিনটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জিপিএ-৫ পাওয়ার পর মা-বাবার মুখের হাসি আর আজ এই বড় অনুষ্ঠানে সবার সামনে পুরস্কার পাওয়ার আনন্দ শব্দে প্রকাশ করা যাবে না। আমি গর্বিত আমার পরিবারের জন্য, আমার স্কুলের জন্য।”
অন্য একজন কৃতি শিক্ষার্থী,ছাত্র ফারহান ফুয়াদ, তার অনুভূতি প্রকাশ করে বলে, “নিজের এতো কষ্ট আর ত্যাগের পর যখন এমন বড় একটি মঞ্চে দাঁড়িয়ে সংবর্ধনা পাওয়া যায়, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হচ্ছে যেনো একটি স্বপ্ন পূরণ হলো। সামনে আরও ভালো কিছু করার প্রেরণা পেলাম।”
কৃতি ছাত্র রিয়াদ হাসান তার অনুভূতি জানিয়ে বলে, “আমি খুব খুশি। তবে এই আনন্দের মাঝে আমরা একটি শপথও নিয়েছি—আগামীর পথচলায় আরও বড় সাফল্য অর্জন করার এবং নিজের দেশ ও দশের কল্যাণে কাজ করার।”
শিক্ষার্থীদের এই উৎসবমুখর পরিবেশ, পারস্পরিক বিনিময় এবং ভবিষ্যতে বড় কিছু করার প্রত্যয় পুরো সংবর্ধনা অনুষ্ঠানে প্রাণ এনে দিয়েছিল। তাদের অনুভূতিগুলো ছিল আনন্দ, গর্ব এবং আগামীর জন্য অনুপ্রেরণায় পূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ মুহাম্মদ রুহুল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরা মোশাররফ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের পরিচালনা করেন জনাব মোঃ ফরিদুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ এস. এম. শাহিদুজ্জামান। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের আগামীতে দেশের সঠিক কর্ণধার হওয়ার লক্ষ্যে নৈতিকতা ও কঠোর পরিশ্রমের উপর জোর দেন।
‘কাশেম আলী সরদার – জয়নব বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন’ এর এই উদ্যোগ মহাদেবপুরের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করল। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, গর্বিত হাসি এবং ভবিষ্যতের জন্য নতুন উদ্যম অনুষ্ঠানটিকে একটি সার্থক ও সফল রূপ দিল। অনুষ্ঠানটি আগামী প্রজন্মের জন্য শিক্ষার প্রতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে
স্টাফ রিপোর্টার নওগাঁ: 
















