জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে।
এতে উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন শত শত যাত্রী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।
এদিকে আকস্মিক এই বিকলের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সাময়িক এই স্থবিরতায় আশেপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
উদ্ধার তৎপরতা সম্পর্কে বরেন্দ্র ট্রেনের পরিচালক জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হলে উদ্ধার তৎপরতা শুরু করে। সর্বশেষ বেলা ১২ টার দিকে দূর্ঘটনাস্থল থেকে জয়পুরহাট স্টেশনে পৌঁছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে ১২ টায়এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনেই অবস্থান করে। তবে সব ধরনের ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
স্টাফ রিপোর্টার জয়পুরহাট: 










