নওগাঁয় অত্যন্ত জমকালো ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “আইইএলসি ইংলিশ ডিবেট কম্পিটিশন ২০২৬” (IELC English Debate Competition 2026)।
আইইএলসি (IELC)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের তরুণ শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় নিজেদের চমৎকার বাকপটুতা ও যুক্তি উপস্থাপন শৈলী প্রদর্শন করে। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল—
“The Media in Bangladesh Is Free and Independent” (বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ)। এতে ছাত্র ও ছাত্রীদের দু’টি দল (Boys VS Girls) একে অপরের মুখোমুখি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব শফিউল আজম (ভিপি রানা) এবং নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু আইইএলসি-র এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের সন্তানদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা ও যুক্তিনির্ভর চিন্তাধারার কোনো বিকল্প নেই। এমন একটি সময়োপযোগী বিষয়ে শিক্ষার্থীরা যেভাবে সাবলীল ইংরেজিতে নিজেদের চিন্তা ও যুক্তি তুলে ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের সুস্থ প্রতিযোগিতা তরুণ সমাজকে সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে সাহায্য করবে।” তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার আহ্বান জানান এবং আয়োজকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিযোগিতার প্রধান বিচারক ও নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ জাকির হোসেন শিক্ষার্থীদের চমৎকার উপস্থাপনা ও আয়োজনের চমৎকার সূচকের জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বিতর্কের বিষয়বস্তু অত্যন্ত স্পর্শকাতর ও গভীর চিন্তার দাবি রাখে। কিন্তু প্রতিযোগীদের প্রস্তুতি, তথ্য-উপাত্তের সঠিক ব্যবহার এবং বিশেষ করে ইংরেজি ভাষায় তাদের সাবলীল বক্তব্য আমাকে মুগ্ধ করেছে। আয়োজকরা যেভাবে একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম স্থানীয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছেন, তা অত্যন্ত চমৎকার।”
বিতর্কে অংশ নেওয়া তরুণ শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি। বিজয়ী ও বিজিত উভয় পক্ষের বিতার্কিকরাই এ ধরণের মঞ্চে দাঁড়াতে পেরে ভীষণ আনন্দিত। প্রতিযোগীতায় অংশ নেওয়া আরেক শিক্ষার্থী মোহাম্মদ ইয়া নওসাফ বলেন, প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছু শিখেছি। যদিওবা আমাদের দল হেরে গিয়েছে। তবে আশা রাখি ভবিষ্যতে আমরা ভালো কিছু করব।
অপর অংশ গ্রহনকারী বলেন এত বড় একটি মঞ্চে এবং সম্মানিত অতিথিদের সামনে ইংরেজিতে বিতর্ক করা আমাদের জন্য অনেক বড় অভিজ্ঞতার বিষয় ছিল। শুরুতে কিছুটা ভয় লাগলেও মঞ্চে দাঁড়িয়ে যুক্তি উপস্থাপন করতে গিয়ে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।” অন্য এক প্রতিযোগী বলে, “এই বিতর্ক প্রতিযোগিতা আমাদের চিন্তার দুয়ার খুলে দিয়েছে এবং বিষয়ভিত্তিক পড়াশোনা ও গবেষণার গুরুত্ব বুঝতে শিখিয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অভিভাবকরা জানান, “মফস্বল শহরে বসে আমাদের ছেলেমেয়েরা এভাবে আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে ইংরেজিতে বিতর্ক করছে দেখে অভিভাবক হিসেবে আমরা গর্বিত। আমরা চাই এ ধরনের আয়োজন যেন নিয়মিত করা হয়, যাতে আমাদের সন্তানরা প্রযুক্তির অপব্যবহার বা বাজে অভ্যাস থেকে দূরে থেকে পড়ালেখা ও সুস্থ বিনোদনের মধ্য দিয়ে বেড়ে উঠতে পারে।”
অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষামূলক আয়োজন নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করা হয়।
স্টাফ রিপোর্টার : 

















