বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আব্দুল মালেক (৭০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বরিশাল-স্বরূপকাঠি আঞ্চলিক মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার বাইসারী ইউনিয়নের এনসের আলী বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে আরিয়ান পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। বেলা ১০টার দিকে গজালিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পানিতে নেমে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে সহযোগিতা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে বাসের ভেতর থেকে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্বাভাবিক গতিতে বরিশালের দিকে যাচ্ছিল। গজালিয়া এলাকায় পৌঁছানোর পর হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। বাসটি পানিতে পড়ার পর ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্বরূপকাঠি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস মাধবপাশার গজালিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বরিশাল প্রতিনিধি: 



















