ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগের সঠিক জবাবদিহিতা না হলে, পুনরায় নির্বাচন আদায়ের ঘোষণা দিয়েছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভিপি পদে পরাজিত প্রার্থী আবিদুল ইসলাম খান।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
আবিদ বলেন, “২০১৯ সালের ডাকসু নির্বাচন নিয়ে আজও কথা হয়। এবারও একই ধরনের অভিযোগ এসেছে। সেগুলোর যথাযথ ব্যাখ্যা প্রশাসন ও নির্বাচন কমিশন দিতে না পারলে আমরা অবশ্যই এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন আদায় করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচন পরবর্তী সহিংস রাজনীতিতে যাইনি, ভিসিকে অবরুদ্ধ করিনি, বরং ধৈর্য ধরে নতুন ছাত্ররাজনীতির বার্তা দিয়েছি।”
আবিদ অভিযোগ করে বলেন, “নির্বাচনে পরিকল্পিতভাবে আমাকে ভিলেন বানানো হয়েছে। পুরো একটি জাল বিছানো হয়েছিল। কিন্তু আমরা সেটাকে গণতান্ত্রিক উপায়ে মোকাবেলা করেছি।”
নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একে ‘পরাজয়’ বলতে চাই না। বরং এটিই প্রমাণ করেছে- ঢাবি ও দেশের অন্যান্য ক্যাম্পাসে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি ধীরে ধীরে আধিপত্য বিস্তার করছে।”
আবিদ জানান, ছাত্রদল শিগগিরই ডাকসু নির্বাচন নিয়ে তাদের আনুষ্ঠানিক অবস্থান জানাবে।
স্টাফ রিপোটার : 











