ডেক্স রিপোর্ট : দেশের সব সিটি করপোরেশনের আওতাভুক্ত হাসপাতাল থেকে উৎপন্ন মেডিকেল বর্জ্য পোড়ানোর জন্য ইনসিনারেটর প্ল্যান্ট স্থাপনে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে উন্নয়ন সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
এছাড়া চট্টগ্রাম ওয়াসায় পিপিপি মডেলে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনেও বিনিয়োগে আগ্রহী সংস্থাটি।
রোববার (১২ জুন) মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি তাদের এ আগ্রহের কথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী জাপানের অর্থায়নে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনায় ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপনের আগ্রহকে স্বাগত জানান। মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তাদের আগ্রহের ব্যাপারে প্রস্তাব দিলে তা যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে রাষ্ট্রদূতকে জানান মন্ত্রী।
সাক্ষাৎ শেষে মো. তাজুল ইসলাম বলেন, মেডিকেল বর্জ্যগুলোকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি-বেসরকারি মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে তাদের মেডিকেল বর্জ্য যত্রতত্র না ফেলে জীবাণুমুক্ত করে নির্ধারিত ব্যাগে ভরে বর্জ্য সংগ্রহকারীদের দেওয়ার নির্দেশনা প্রদান করেছে সরকার। পরিবেশ সম্মত উপায়ে এসব বর্জ্য ডিসপোজাল করতে পারলে পরিবেশদূষণ রোধ করা সম্ভব হবে।
সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পরিকল্পনা গ্রহণ করেছেন সেগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হবে। জাপান বাংলাদেশের উন্নয়নে অনেক সহযোগিতা করেছে। সেই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মাদ মেজবাহ্ উদ্দিন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 















