স্টাফ রিপোর্টার : হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ভারতে গ্রেফতার করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পি কে হালদার বাংলাদেশের ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেকদিন ধরেই গ্রেফতারের চেষ্টা করছি। সে আটক হয়েছে। এখন আমাদের যা কাজ তা আইনগতভাবে আমরা করবো।
রবিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ শীর্ষক’ এক সেমিনারে তিনি এ কথা জানান।
‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম’ নামে এক সংগঠন এ সেমিনারের আয়োজন করে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী আজকের আধুনিক বাংলাদেশ করেছেন। আজ যেখানেই যাই সেখানেই আমাদের জিজ্ঞাসা করা হয় তোমাদের প্রধানমন্ত্রীর কৌশলটা কী? কীভাবে তিনি পরিবর্তন আনলেন। আমাদের কাছে শুধু একটি কথাই বলার আছে- তিনি দেশকে ভালোবাসেন, জনগনকে ভালোবাসেন। তিনি একজন দূরদর্শী নেতা।
‘বঙ্গবন্ধুর দুই কন্যা আজ জীবিত বলেই বাংলাদেশকে এই পর্যায়ে দেখতে পাচ্ছি’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা যখন আসে অনেক কথাই বলতে ইচ্ছে করে। কারণ যেগুলো আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যেগুলো তার সাথে থেকে আমি জেনেছি। তার যে কঠোর পরিশ্রম তার যে দূরদর্শিতা; এটা কারও সঙ্গে তুলনা হয় না।’
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারটি আয়োজিত হয়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 















