জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আকস্মিক বজ্রপাত।
বিশেষ করে খোলা মাঠে কাজ করা মেহনতি কৃষকদের জন্য এটি এক নীরব মৃত্যুফাঁদ। প্রাকৃতিক এই দুর্যোগ প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ‘স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন’।
দেশব্যাপী বজ্রপাতপ্রবণ অঞ্চলে তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর দুপুরে নওগাঁ সদর উপজেলার বুজরুক আতিথা-আতিথা ঈদগাহ সড়কের দুইপাশে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়। চারা রোপণের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে ও মাঠপর্যায়ের সুরক্ষায় স্থানীয় কৃষকদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে পাবনা জেলার চাটমোহর উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে এ মহতী কর্মসূচির শুভ সূচনা করেছিল সংস্থাটি। পরিবেশ রক্ষা ও কৃষক সুরক্ষার প্রতিশ্রুতি নিয়ে ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই অভিযানের আওতায় সারা দেশে এ পর্যন্ত প্রায় ১৩ হাজার তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনের কারণে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই বজ্রপাতের প্রকোপ সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে, বিগত ৪০ বছরে দেশে বজ্রপাতের ঘটনা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উদ্ভূত পরিস্থিতির তীব্রতা বিবেচনা করে বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করে। বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে খোলা মাঠে নিয়োজিত কৃষকদের। উঁচু তালগাছ প্রাকৃতিক ‘বজ্রপাত নিরোধক’ বা লাইটনিং অ্যারেস্টার হিসেবে কাজ করায় বিশেষজ্ঞদের বিশ্বাস—এই উদ্যোগ কৃষকদের জীবন রক্ষায় সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
নওগাঁর বুজরুক আতিথায় আয়োজিত চারা রোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. ফিরোজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (ক্রপ কেয়ার ডিভিশন)-এর জোনাল সেলস ম্যানেজার মো. মুরাদ হোসেন, ফিল্ড ম্যানেজার মো. রাজা মিয়া, সেলস ডেভেলপমেন্ট অফিসার মো. নাহিদ হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, কেবল কর্পোরেট কার্যক্রম নয়, স্কয়ারের এই পরিবেশবান্ধব উদ্যোগ কৃষক সমাজ ও দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এক নতুন বার্তা বহন করছে।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: 




















