আন্তর্জাতিক ডেক্স : যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইউক্রেনের সুরক্ষায় সাহায্য করতে দেশটিকে অধিক উন্নত রকেট ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (১ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন ঘোষণাই দিয়েছেন।
ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন নিজেদের সুরক্ষায় এ ধরনের অস্ত্র অনেকদিন ধরেই চাচ্ছিল। এটি অনেক দূর থেকে শত্রুপক্ষের সৈন্যদের ওপর খুব সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম।
যদিও বুধবারের আগ পর্যন্ত এ সংক্রান্ত ইউক্রেনের অনুরোধে সাড়া দিচ্ছিল না মার্কিন প্রশাসন। তাদের ভয় ছিল- ইউক্রেন এই অস্ত্র হাতে পেয়ে তা রাশিয়ার ভূমিতে আক্রমণে ব্যবহার করতে পারে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিধ্বংসী এই অস্ত্র সহায়তা রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে দর কষাকষির মাধ্যমে কিয়েভের অবস্থানকে শক্তিশালী করবে। আর তা চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও তৈরি করবে।
মার্কিন মিডিয়া দ্য নিউ ইয়র্ক টাইমসে লেখা এক অতিথি নিবন্ধে জো বাইডেন বলেছেন, এসব কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি- আমরা ইউক্রেনীয়দের অধিক উন্নত রকেট ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র দেব। যা তাদেরকে ইউক্রেনের রণক্ষেত্রে প্রধান লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম করে তুলবে।
এ দিকে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মনে করেন, ইউক্রেনকে দেওয়া নতুন এই অস্ত্র সহায়তায় এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) অন্তর্ভুক্ত থাকছে। কিন্তু ইউক্রেনকে ঠিক কয়টি এই রকেট ব্যবস্থা দেওয়া হবে তা এখনো স্পষ্ট করে বলে হয়নি।
এই মিসাইল ৭০ কিলোমিটার দূরের একাধিক নিশানায় নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ইউক্রেনের কাছে বর্তমানে যে কামান রয়েছে, দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষমতার বিচারে সেগুলো থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক উন্নত। এমনকি রাশিয়ার কাছে এ ধরনের যে অস্ত্র আছে সে তুলনায়ও এটি অধিক নির্ভুল বলে ধারণা বিশেষজ্ঞদের।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















