আন্তর্জাতিক ডেক্স : রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ বন্ধের জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মস্কো এবং কিয়েভকে আলোচনায় বসার আহ্বান জানান।
রোববার তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা ইউক্রেন যুদ্ধের পক্ষে না। ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক বা পৃথিবীর যে কোনো অংশেই যুদ্ধের বিপক্ষে ইরান।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে, ইউক্রেনের সমাধান রাজনৈতিকভাবেই সম্ভব এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমেই যুদ্ধের অবসান ঘটাতে হবে।
এদিকে ইউক্রেন সফরে গেছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এসময় তিনি ইউক্রেনের ফার্স্ট লেডি অর্থাৎ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।
জানা গেছে, দুই ফার্স্ট লেডি সীমান্তবর্তী শহর উজহোরোদের একটি স্কুলে দেখা করেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। এরপর এই প্রথম প্রকাশ্যে এলেন ইউক্রেনের ফার্স্ট লেডি। যে স্কুলটিতে তারা বৈঠক করেছেন সেটিকে বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
জিল বাইডেন বলেন, ইউক্রেনের সাধারণ জনগণের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে। যুদ্ধ এরই মধ্যে তৃতীয় মাসে গড়িয়েছে। এই বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ওলেনা জেলেনস্কি বলেন, এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সফর করে জিল বাইডেন সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক পর্যায়ে তারা দুইজনেই স্কুলে আশ্রয় নেওয়া শিশুদের সঙ্গে কথা বলেন ও তাদের সঙ্গে সময় কাটান।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















