আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
শুক্রবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে আবারো সেই কথাই বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এসময় তিনি সাফ জানান, কিয়েভের জয়ের মধ্য দিয়েই শেষ হবে এই যুদ্ধ।
জেলেনস্কি বলেন, “অসত্যের বিরুদ্ধে সবসময়ই সত্যের জয় হয়। এক্ষেত্রে সত্যের জয় মানে, ইউক্রেনের জয়, ইউক্রেনিয়দের জয়। আমি একটি বিষয় সাফ জানিয়ে দিতে চাই, বিজয় ছাড়া ইউক্রেনের মানুষ আর কোন ফল মেনে নেবে না।”
এসময় আরো বেশি পশ্চিমা সহযোগিতা আহ্বান জানান জেলেনস্কি। এদিকে, জাতির উদ্দেশ্যে দেয়া নতুন ভাষণে রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ তুলে, তিনি বলেন গুরুত্বপূর্ণ শহর থেকে পিছু হটলেও পরিত্যক্ত বিভিন্ন স্থাপনায় বোমা পেতে রাখছে রুশ সেনারা।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, “সবখানে বোমা পেতে রেখেছে রুশ বাহিনী। বিভিন্ন স্থাপনার পাশাপাশি মরদেহেও বোমা পাতা হচ্ছে। দখলদাররা পিছু হটলেও বিপদ এখনো কাটেনি। সেইসাথে বিমান হামলার ঝুঁকিও আছে।”
এর আগে, ধীরগতিতে হলেও ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে সরে যাচ্ছে রুশ সেনাবাহিনী। শুক্রবার এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এরই মধ্যে ইউক্রেন সেনাবাহিনী বুচা ও ইরপিনের বেশ কিছু এলাকা পুনরায় দখলে নিয়েছে বলেও দাবি করেন তিনি।
স্যাটেলাইট ইমেজেও দেখা গেছে, আন্তনভ বিমানবন্দর থেকে সরে গেছে রুশ বাহিনী। তবে ইউক্রেনের পূর্বাঞ্চলে অভিযান জোরদার করছে রাশিয়া। ডনবাস ও খারকিভের আশেপাশে বড় ধরনের যুদ্ধের শঙ্কায় দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আশঙ্কা বেলারুশে নতুন করে সংগঠিত হতে পারে রুশ বাহিনী।
এদিকে, শুক্রবার মানবিক করিডোর ব্যবহার করে ৬ হাজারের বেশি ইউক্রেনিয়কে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এরমধ্যে ৩ হাজারের বেশি মানুষই মারিওপোলের। তবে এখনো শহরটিতে এক লাখ মানুষ আটকে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















