স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের আলোচনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ।
তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় মধ্যস্থতার জন্য প্রস্তুত আছে তাঁর দেশ। বুলগেরিয়াতেই সে আলোচনা হওয়া সম্ভব। তবে তিনি মনে করেন, এর জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমেন রাদেভ বলেন, ‘এ ধরনের আলোচনার জন্য বুলগেরিয়া একটি নির্ভরযোগ্য জায়গা হতে পারে। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজটি করতে হবে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং আমাদের উচিত একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় সমাধান, সমন্বিত ইউরোপীয় পদক্ষেপের জন্য প্রচেষ্টা চালানো।’
ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার যুক্তরাজ্যের ইউরোপ ও উত্তর আমেরিকাবিষয়ক মন্ত্রী জেমস ক্লেভারলি বুলগেরিয়া সফর করেছেন। তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশ হিসেবে যুক্তরাজ্য ও বুলগেরিয়া সরকার ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানায়। ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ‘বিনা উসকানিতে হামলা’ বলে উল্লেখ করেন তিনি।
জেমস ক্লেভারলি আরও বলেন, যেসব দেশ সর্বপ্রথম নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করেছে, তার মধ্যে বুলগেরিয়া একটি।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















