ক্রীড়া ডেক্স : ঘরের মাঠে বিশ্বকাপ ভরাডুবির পরের বছর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। এরপর নড়েচড়ে বসে ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন।
জাতীয় দলের দায়িত্ব দেন স্বদেশি কোচ তিতেকে। এরপর থেকে বদলে যায় ব্রাজিল। একের পর এক জয় পেতে থাকে লাতিন আমেরিকার পরাশক্তিরা। কোচ তিতের অধীনে ঘরের মাঠে এখনো হারের মুখ দেখেনি ব্রাজিল।
কোপার সবশেষ আসরে ঘরের মাঠে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবারও সেই ঘরের মাঠে অপরাজিত তারা। দুই আসরে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ব্রাজিলের সাবেক কোচ মারিও জাগালোর সঙ্গে ভাগ বসালেন তিতে।
দলকে টানা ১২ ম্যাচে হারতে দেননি তিনি। এবার রোববার ফাইনালে আর্জেন্টিনার বাধা টপকাতে পারলেই এককভাবে এই রেকর্ডের মালিক হবেন তিতে।
শুধু তাই নয়, ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে কোচ তিতের অধীনে মোট ৬০টি ম্যাচ খেলেছে সেলেসাওরা। এই ৬০ ম্যাচে ব্রাজিলের রেকর্ড ও পরিসংখ্যান অবিশ্বাস্য রকমের ঈর্ষনীয়। ঘরের মাঠে খেলা ২৪টি ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে ২১টি এবং ড্র করেছে ৩টি ম্যাচে। এই ২৪ ম্যাচে প্রতিপক্ষে জালে বল জড়িয়েছে ৬১বার, বিপরীতে হজম করেছে মাত্র ৪টি গোল এবং ২০টিতেই ছিল ক্লিনশিট।
তিতের অধীনে খেলা এই ৬০টি ম্যাচের মধ্যে ব্রাজিল তিনটি ম্যাচে ২ গোল হজম করেছে। তাও কলম্বিয়া, পেরু এবং বেলজিয়ামের বিপক্ষে। এর বেশি বল কেউই ব্রাজিলের জালে জড়ালে পারেনি। দুর্দান্ত ছন্দে থাকা দল নিয়ে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 

















