আন্তর্জাতিক ডেক্স : জম্মু কাশ্মিরের আকাশে আবারো ‘সন্দেহভাজন’ ড্রোন উড়েছে বলে দাবি করেছে ভারত। শুক্রবার ভোরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে জম্মুর আরনিয়া সেক্টরের জবওয়াল গ্রামে এ ড্রোনটির দেখা মেলে।
ভারতীয় কর্তৃপক্ষ ড্রোনটি পাকিস্তানের বলে সন্দেহ করছে এবং তা দেখেই গুলি ছোঁড়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। তাদের দাবি, সীমান্ত পার হয়ে পাকিস্তানে ফিরে গেছে কোয়াডকপ্টারটি।
খবরে প্রকাশ, ড্রোনটি কোন উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল, তার খোঁজে তদন্ত শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ড্রোনের মাধ্যমে সীমান্তের এপারে কোনো অস্ত্র বা মাদক ফেলা হয়েছে কিনা তার খোঁজে বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি। গুপ্তচরবৃত্তির কাজেই ওই ড্রোন ব্যবহার করা হচ্ছিল বলে মনে করছে ব্তিএসএফ ।
শনিবার গভীর রাতে জম্মুর বিমানঘাঁটিতে পর পর দু’টি বিস্ফোরণ হয়। ড্রোনের সাহায্যেই লস্কর-ই-তায়্যেবা সদস্যরা সেই বিস্ফোরণ ঘটিয়েছিল বলে ধারণা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরপরও সোমবার কালুচক এবং কুঞ্জওয়ানিতে অবস্থিত সেনাঘাঁটির উপরেও ড্রোন উড়তে দেখা গিয়েছিল। তারপর থেকেই সীমান্ত এলাকার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















