নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনির বিরুদ্ধে সব কাইন্সিলরদের অনাস্থার পর এবার সংবাদ সম্মেলনে তার অপসারন চাইলেন ।
সম্মেলনে তুলে ধরলেন একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ । মঙ্গলবার (১৪ নভেম্বর) এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলররা। সম্মেলনে মেয়রের বিরুদ্ধে অনাস্থাও জানান তারা। এদিন বিকেলে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান হাবিব রাজন।
লিখিত বক্তব্যে বলা হয়, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ৯টি সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে বিভিন্ন সময় অশালীন আচরণ ও প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি করে আসছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক দেখিয়ে টাকা নেন। বিভিন্ন সময় গোপনে কোটেশনের মাধ্যমে টেন্ডার করে পরবর্তীতে কাজ না করেই অর্থ উত্তোলন করেন। এ ছাড়া অনিয়মের অর্থের বৈধতা দেখাতে মাসিক সভায় আলোচনার বাহিরে তার ইচ্ছেমতো রেজুলেশন করে ব্যয় দেখিয়ে টাকা উত্তোলন করেন। এসব বিষয়ে একাধিকবার নিষেধ করেও কোন লাভ হয়নি।
সম্মেলনে জানানো হয়, নিম্নমানের সামগ্রী দিয়ে নতুন পৌর ভবনের কাজ করেছেন মেয়র। এসব বিষয়ে মাসিক সভায় কাউন্সিলরদের পক্ষ থেকে মেয়রের কাছে অভিযোগ দাখিল করলেও লাভ হয়নি। বরং উল্টো এসব বিষয়ে হস্তক্ষেপ না করতে কাউন্সিলরদের জানিয়ে দেন তিনি।
সম্মেলনে আরও জানানো হয়, পরপর কয়েক দফায় রাতে পৌরসভার কয়েকটি শাখার গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে যায়। যা নিয়ে মেয়রের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। এ ছাড়াও মেয়র নজমুল হক নির্বাচিত হওয়ার পরেও রাষ্ট্রবিরোধী মামলায় আসামি হন এবং জেল হাজতে আটকও ছিলেন। তাই সর্বসম্মতিক্রমে মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হয়। জানানো হয়, এরই মধ্যে মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের কপি নওগাঁর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি মাসের আয় ও ব্যয়ের হিসেব মন্ত্রণালয়ে পাঠাতে হয়। যা মাসিক সভায় কাউন্সিলরায় সর্বসম্মতিক্রমে পাশ করেন।
মেয়র বলেন, বিভিন্ন সময় কাউন্সিলররা চরম অন্যায় আবদার করেন। যা আমি মেনে নিতে পারি না। আমি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমাকে সরাতে ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামীপন্থী কাউন্সিলররা।
স্টাফ রিপোর্টার নওগাঁ: 











