সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনে পুড়ে গেছে ৬ থেকে ৯ তলা পর্যন্ত ৪টি ফ্লোর। এর মধ্যে আছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুটি মন্ত্রণালয়। বিষণ্ন মনে পুড়ে যাওয়া ভবন দেখে গেছেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় তার চোখে-মুখে বিষণ্নতার ছাপ দেখা যায়। ভবন পরিদর্শন শেষে দুপুর ১২টা ৪৩ মিনিটে নীরবে সচিবালয় ত্যাগ করেন তিনি।পুড়ে ছাই হয়ে যাওয়া অফিস দেখে বিমর্ষ আসিফ মাহমুদ তখন ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনকে বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। এসময় ব্রিগেডিয়ার সাখাওয়াত আসিফ মাহমুদকে সান্ত্বনা দেন।
এর আগে সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের মাঝপথেই ঢাকায় ফেরেন আসিফ মাহমুদ।

স্টাফ রিপোটার : 











