স্টাফ রিপোর্টার : উদ্বোধনের তারিখ ঘোষণার পর থেকে ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতু নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), আবুল হাসানাত আবদুল্লাহ।
তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীদের বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ ইতিহাসের বাস্তব রূপ। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার পর থেকেই একের পর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র রুখতে হবে।
সোমবার (৬ জুন) বেলা ১১টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভবন প্রাঙ্গণে বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য হাসানাত আবদুল্লাহ বলেন, কেউ ভাববেন না ওরা ঘুমিয়ে আছে। তারা তাদের কাজ ও ষড়যন্ত্র দুটোই সমান তালে করে যাচ্ছে। তাই দলের নেতাকর্মীদের সুসংগঠিত করার কোনো বিকল্প নেই।
বিশেষ বর্ধিত সভায় আরও বক্তব্য দেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহম্মদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনসুর আহম্মেদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রমুখ।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











