আন্তর্জাতিক ডেক্স : রাশিয়ার কারাগারে আটক থাকা সাবেক মার্কিন সৈন্য ট্রেভর রিডকে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে রুশ প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দি বিনিময়ের অংশ হিসেবে এবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।
তার বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে মাদক পাচারের মামলায় ২০ বছরের কারাদণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি থাকা রুশ নাগরিক কনস্টানটিন ইয়ারেশেনকোকে।
দীর্ঘ দরকষাকষি প্রক্রিয়া শেষে বুধবার (২৭ এপ্রিল) এই বন্দি বিনিময় সম্পন্ন হয় বলে টেলিগ্রাম চ্যানেলকে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
হোয়াইট হাউসের পক্ষ থেকেও এরই মধ্যে ট্রেভর রিডের মুক্তির খবরটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রিড রুশ আটক অবস্থা মুক্তি পেয়েছেন। রিডের মুক্তির জন্য ‘কঠিন সিদ্ধান্তের প্রয়োজন হয়েছে যা আমি হালকাভাবে নিতে পারিনি।
যদিও নিজের বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি কনস্টানটিন ইয়ারেশেনকোর নাম উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে ষড়যন্ত্রের মামলায় ২০ বছরের দণ্ড হয় এই রাশিয়ান পাইলটের। ২০১০ সালে তাকে লাইবেরিয়ায় গ্রেফতার করা হয়েছিল।
অন্য দিকে ট্রেভর রিডকে ২০১৯ সালের গ্রীষ্মে মস্কোতে গ্রেফতার করা হয়েছে। মস্কোর দাবি, এক রাতে মাতাল হয়ে রিড রাশিয়ার এক কর্মকর্তাকে আক্রমণ করেন। পরবর্তীকালে তাকে নয় বছরের কারাদণ্ড প্রদান করা হয়। যদিও তার পরিবার তাকে নির্দোষ বলে শুরু থেকেই দাবি করে আসছিল। আর মার্কিন প্রশাসনের দাবি, তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়।
সূত্র : আল-জাজিরা
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















