রাশিয়ার কয়েকটি ব্যাংকের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অর্থ লেনদেন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাশিয়ার যে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সোনালী ব্যাংক এই প্রকল্পের অর্থ লেনদেন করে, সেই রুশ ব্যাংকটি তাদের সঙ্গে আপাতত লেনদেন থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশকে।
কারণ রাশিয়ার ওই ব্যাংক বৈশ্বিক অর্থ লেনদেনের মাধ্যম সুইফটের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে।
রাশিয়ার ব্যাংকটির নাম ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স (ভিইবি)। তারা কয়েক দিন আগে বাংলাদেশ ব্যাংককে সুইফট ব্যবস্থার মাধ্যমে একটি বার্তা পাঠায়। ওই বার্তায় লেনদেন না করার জন্য বলা হয়। ব্যাংকটি এ-ও বলেছে, বাংলাদেশ যদি রূপপুর প্রকল্পের অর্থ বিলম্বে পাঠায়, তাহলেও কোনো বিলম্ব ফি দিতে হবে না।
সুইফটের নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার ব্যাংকগুলো বাংলাদেশকে চিঠি দিয়ে আপাতত লেনদেন করতে নিষেধ করেছে।
এ বিষয়ে জানতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানকে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ভিইবি যখন সুইফটের নিষেধাজ্ঞার বার্তা পেয়েছে, তখনই তারা বাংলাদেশকে বিষয়টি জানিয়ে লেনদেন না করার কথা বলেছে। রাশিয়ার ব্যাংকগুলোর ওপর সুইফটের নিষেধাজ্ঞার ফলে শুধু রূপপুর প্রকল্প নয়, রাশিয়ার সঙ্গে অন্যান্য বাণিজ্যিক লেনদেনে বিপত্তি তৈরি হতে পারে।
এদিকে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংক ও বেসরকারি ন্যাশনাল ব্যাংকেও রাশিয়ার ব্যাংকের কাছ থেকে এমন বার্তা এসেছে বলে জানা গেছে। ওই সব ব্যাংক তাদের সঙ্গে লেনদেন করতে নিষেধ করেছে বাংলাদেশি ব্যাংককে। বাংলাদেশের আরও কোনো ব্যাংককে রাশিয়ার ব্যাংকগুলো বার্তা পাঠিয়েছে কি না, তা গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল বৃহস্পতিবার কূটনীতিক, ব্যবসায়ী, ব্যাংকারসহ অংশীজনদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়ায় এখনই অর্থ পাঠাতে হবে, এমন কোনো লেনদেন না করার বিষয়ে সভায় মতামত এসেছে। কারণ, সুইফটে অর্থ আটকে যেতে পারে।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এরপর পশ্চিমা দেশগুলো একজোট হয়ে রাশিয়ার ওপর নানামুখী নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে একটি নিষেধাজ্ঞা সুইফট লেনদেন ব্যবস্থা থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বের করে দেওয়া। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১২ মার্চ।
সুইফট তার নেটওয়ার্কে থাকা বাংলাদেশি ব্যাংকগুলোকে গত বুধবার এক চিঠিতে জানিয়েছে, ভিইবি ছাড়াও তাদের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে রাশিয়ার বাংক আৎক্রিতিয়ে, নোভিকোবাংক, প্রোমসভিয়াজবাংক, বাংক রাশিয়া, সোভকমবাংক ও ভেতেবে বাংক। এর মধ্যে ভেতেবে দেশটির দ্বিতীয় শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান। আর বাংক আৎক্রিতিয়ে বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক। বাংলাদেশে ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে এসব ব্যাংক এখন আর বাংলাদেশের সঙ্গে সুইফটের মাধ্যমে কোনো লেনদেন করতে চায় না।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















