কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ধান কাটতে সকালে ঘুম থেকে ডেকে তোলায় বাবা রুহুল কাদেরকে (৫৫) পিটিয়ে হত্যা করেছেন ছেলে শহীদুল ইসলাম।
শনিবার ভোর ৬টায় চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলার চরপাড়ায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার জেলার চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি জানান, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া গ্রামের রুহুল কাদের ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকাধান কাটতে যেতে ঘুম থেকে ডেকে তোলেন।
তিনি জানান, ভোরে ঘুম থেকে জাগানোয় রেগে যান ছেলে শহীদ। পরে তর্কে জড়িয়ে যান বাবা- ছেলে। একপর্যায়ে ছেলে শহীদ বয়োবৃদ্ধ বাবা রুহুল কাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাঠিতে লুটে পড়েন।
খবর পেয়ে প্রতিবেশীরা এসে রুহুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান ওসি।
তিনি বলেন, এ ঘটনায় ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











