আন্তর্জাতিক ডেস্ক:বিয়ের এক মাস পর স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পরিবারের সদস্যদের অভিযোগ পেয়ে ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
ভারতের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে কিশোর আদালতে তুলেছে ওডিশা পুলিশ।
জানা যায়, স্বামী বয়স ১৭ বছর। বালাঙ্গির জেলায় গত জুলাই মাসে ২৬ বছরের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তার। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমেই হয়েছিল সেই বিয়ে।
আগস্টে স্ত্রীকে নিয়ে রাজস্থানে কাজে যায় স্বামী। সেখানে একটি ইট কারখানায় কাজ করত সে। অভিযোগ, সেখানে যাওয়ার দিন কয়েক পরেই ৫৫ বছরের এক ব্যক্তির কাছে স্ত্রীকে বিক্রি করে দেয় সে।
পুলিশ জানিয়েছে, এক লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে বিক্রি করে কিশোর। সেই টাকায় বড় রেস্তোরাঁয় ভালোমন্দ খাবার খাওয়ার পর একটি স্মার্টফোন কেনে সে।
সম্প্রতি রাজস্থান থেকে ওডিশায় ফেরে অভিযুক্ত। সে জানায়, অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছেন স্ত্রী। যদিও তার কথা বিশ্বাস হয়নি তরুণীর পরিবারের। তারা বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান।
তদন্তে নেমে বালাঙ্গির থেকে পুলিশের একটি দল যায় রাজস্থানে। সেখান থেকেই তরুণীকে উদ্ধার করা হয়। এরপর তার কিশোর স্বামীকে আদালতে তোলে পুলিশ। বিচারক তাকে সংশোধনাগারে পাঠায়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















