কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৮৭ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী ও মাদকদ্রব্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে ২৪ ডিসেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খানের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্স দলটি সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
এছাড়া রাতভর কুমিল্লা জেলার সীমান্তবর্তী প্রায় ৮ কিলোমিটার এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।
একই দিনে চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব শাড়ির আনুমানিক সিজারমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ৮ হাজার টাকা। পাশাপাশি আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্টাফ রিপোর্টার: 











