এইচএসসি পরীক্ষায় ফেল করায় বরিশালে নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি ডা. আশিষ কুমার সাহা।
তিনি জানান, এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। দুপুর ১২টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
নুসরাতের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশাল শহরে তিনি বড় বোন রাহাত আনোয়ারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা বলছেন, নুসরাত সব সময় হাসিখুশি ও পড়ালেখায় মনোযোগী ছিলেন, এমন পরিণতি তারা মেনে নিতে পারছে না।
বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নুসরাত জাহান নাসরিন ফলাফল ভালো করেছেন, তবে তিনি হায়ার ম্যাথ বিষয়ে এমসিকিউতে ফেল করেছেন। রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করতে পারতেন তিনি। এমন সিদ্ধান্ত নেয়াটা দুঃখজনক।
স্টাফ রিপোটার : 











