নওগাঁয় মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরী সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন বাতিল করে দলটি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ জানান মোনায়েন হোসাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। যেখানে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো জানান, তদন্তে এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও ওঠে এসেছে। ওইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।
স্টাফ রিপোটার : 











