এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এটি এই টুর্নামেন্টের ১৮তম আসর।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
বাংলাদেশ ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ফাইনালে থাকছে লাল-সবুজের ছোয়া। কেননা ঐতিহাসিক এই ফাইনাল পরিচালনার দায়িত্ব যে পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবারের আসরে ব্যাক-টু-ব্যাক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। অপরদিকে, পাকিস্তান চাইবে এক যুগের আক্ষেপ ঘোচাতে। কারণ ২০১২ সালের পর আর কোনোবার এশিয়া কাপের শিরোপা স্পর্শ করতে পারেনি তারা।
এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে। টুর্নামেন্টের দীর্ঘ ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এর আগে ফরম্যাট অনুযায়ী একমাত্র ফাইনাল খেলেছিল তারা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত।
পরিসংখ্যানের বিচারে টি-টোয়েন্টিতে দুই দলের লড়াইয়ে আধিপত্য স্পষ্ট ভারতের। এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়ে ১২ বার জয় পেয়েছে তারা। পাকিস্তানকে সর্বশেষ চার টি-টোয়েন্টিতেও হারিয়েছে মেন ইন ব্লু। এবারের আসরেও ভারত টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে সবচেয়ে সফল দল হিসেবে ফাইনালে উঠেছে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—সব বিভাগেই অন্যদের চেয়ে এগিয়ে আছে তারা।
অন্যদিকে, পাকিস্তান দল সবসময়ই অনিশ্চয়তা ও বিস্ময়ের নাম। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছে সালমান আঘার নেতৃত্বাধীন দল। ফাইনালের আগে বড় শট খেলার অনুশীলনে ব্যস্ত থেকেছে তারা, যাতে চাপ সামলে সেরা খেলাটা উপহার দিতে পারে।
তবে এবারের আসরে ভারত-পাকিস্তান ইতোমধ্যে দুইবার মুখোমুখি হয়েছে, যেখানে দু’বারই ভারতীয়দের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তবুও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন আবেগ, ভিন্ন উন্মাদনা। কোটি কোটি ক্রিকেট ভক্ত আজ তাকিয়ে আছে দুবাইয়ের দিকে—কে হাসবে শেষ হাসি? ভারত কি পাবে টানা দ্বিতীয় শিরোপা, নাকি পাকিস্তান ঘুচাবে এক যুগের অপেক্ষার বেদনা?
ক্রীড়া ডেস্ক: 











