ক্ষমতায় টিকে থাকতে এবং লুটপাট করতে আওয়ামী লীগ সব পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষের বাকস্বাধীনতা অনেক আগেই তারা কেড়ে নিয়েছে। দেশে কোনো গণতন্ত্র নেই।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে কালো পতাকামিছিল পূর্ব সমাবেশে দুদু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশে কোনোদিনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং হারানো গণতন্ত্র ফিরে আসা অসম্ভব। এজন্য আমরা বলেছি অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে। নিশিরাতের অবৈধ সংসদ এবং আজ্ঞাবহ কমিশন ভেঙে দিতে হবে। এছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এসব দাবি আদায় করে সরকারকে বিদায় করতে যা যা করা প্রয়োজন দলের প্রতিটি নেতাকর্মীদের তা-ই করতে হবে।
দুদু বলেন, আওয়ামী লীগ নেতারা এত বড় নির্লজ্জ, সারা পৃথিবীতেও তাদের মত আর নির্লজ্জ নেই। ক্ষমতায় টিকে থাকতে এবং লুটপাট করতে তারা সব পারে। আওয়ামী লীগ পদত্যাগের কথা শুনলে ভীত হয়ে যায়, চেয়ারের মায়া ছাড়তে পারে না। দেশবাসী জেগে উঠেছে, পদত্যাগ করতেই হবে, এর বিকল্প নেই। আমাদের দাবি একটাই, একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।