পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে নাসরিন আক্তার সোহাগী (২২) নামের যুবতি আত্মহত্যা করেছে।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগী উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামে মো. সোহরাব হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ছয়বছর আগে উপজেলার মাধবখালী ইউনিয়নের শিশুর হাট গ্রামের মো. বারেক হোসেনের ছেলে সুজনের সাথে সোহাগীর বিয়ে হয়।
তার পাঁচ বছরের কন্যা রয়েছে। স্বামীর সাথে সর্ম্পকের অবনতি হলে দুইবছর আগে সন্তানকে তার বাবা নিয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে।
ঘটনার আগের রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমায় সোহাগী। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে মা কক্ষের দরজা খুলে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্বজনরা এসে উদ্ধার করে।
পরে থানা পুলিশ এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যুর মামলা হয়েছে। মানসিক হতাশার কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 














