আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর গাজনিতে রাহমাতুল্লাহ নেকজাদ (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটিতে এ নিয়ে গত দুই মাসে তিনজন সাংবাদিকের প্রাণহানি ঘটল।
সোমবার (২১ ডিসেম্বর) নিজ বাড়ির পাশের মসজিদে নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে ওই আফগান সাংবাদিককে গুলি চালিয়ে হত্যা করা হয়।
গাজনি প্রাদেশিক পুলিশের মুখপাত্র আহমদ খান জানিয়েছেন, বাড়ির কাছে মসজিদে যাওয়ার সময় সাইলেন্সড পিস্তল থেকে গুলি চালিয়ে সাংবাদিক নেকজাদকে হত্যা করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন নির্মম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এমনকি সশস্ত্র সংগঠন তালিবানও এর দায় অস্বীকার করেছে।
গোষ্ঠীটির মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান সাংবাদিককে এভাবে হত্যার বিষয়টি নিন্দনীয়। এতে আমরা দেশের জন্য বড় ক্ষতি বলে মনে করি।আফগান জার্নালিস্ট সেফটি কমিটি সূত্রে জানা গেছে, নেকজাদ এএফপি এবং আল-জাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











