স্টাফ রিপোর্টার: রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় বিআরটিসির একটি দ্বিতল বাসের ধাক্কায় জুবাইর হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার শেখ রাসেল স্কুলের সামনে বিআরটিসির একটি দ্বিতল বাস মোটরসাইকেল আরোহী ওই তরুণকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মুহাম্মদ শহীদুল্লাহ জানান, ঘাটক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে।
নিহতের ভাগ্নে স্বপন জানায়, হাজারীবাগ বটতলা মাজার ১০নং গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন জুবাইর। সে কামরাঙ্গীরচরের একটি কারখানায় পুতি লাগানোর কাজ করতেন। তার বাবার নাম মোকাররম হোসেন টুলু।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 














