আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জর্জিয়ায় ভোট পুনর্গণনাতেও জয়ী হতে চলেছেন। এ অঙ্গরাজ্যে জিতলে তার মোট ইলেকটোরাল ভোট দাঁড়াবে ৩০৬টি।
ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া তার জন্য এখন সময়ের অপেক্ষা মাত্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পূর্বাভাস অনুসারে, ফল ঘোষণা বাকি থাকা জর্জিয়ায় বাইডেন এবং নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। নর্থ ক্যারোলাইনায় জিতলে ট্রাম্পের ঝুলিতে জমা হবে মোট ২৩২টি ইলেকটোরাল ভোট।
২০১৬ সালের নির্বাচনে একই ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প। তখন এটিকে নিরঙ্কুশ বিজয় বলে ঘোষণা করেছিলেন তিনি। তবে এবারের নির্বাচনে এখনও পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু করেছে রিপাবলিকানরা। সেসব জায়গায় ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। যদিও এখন পর্যন্ত এর কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি।
অ্যারিজোনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জয় অনেকটা সুনিশ্চিত দেখে গত শুক্রবার মামলা করেছে ট্রাম্পের দল।
দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় জর্জিয়ায় আবারও ভোট গণনা চলছে। যদিও বাইডেন শিবিরের বিশ্বাস, এতে নির্বাচনের ফলাফলে কোনও পরিবর্তন ঘটবে না।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











