আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এবার সবচেয়ে বড় ইস্যু ছিল করোনাভাইরাস মহামারি। দ্বিতীয়বার ক্ষমতা লাভের পথে ডোনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে বড় কাঁটাও ছিল এটাই।
মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা তার ভোটব্যাংকের অনেকটাই ফাঁকা করে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে নির্বাচনের আগেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন বাজারে আসলে পরিস্থিতি ভিন্ন হতো বলে মনে করেন অনেকে।
ফলে নির্বাচনের পাঁচদিন পর মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার তাদের ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হওয়ার ঘোষণা দেয়ায় বেজায় ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার একাধিক টুইটে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ), ফাইজার ও ডেমোক্র্যাটদের আক্রমণ করেছেন এ রিপাবলিকান নেতা।
তিনি বলেছেন, নির্বাচনের আগে আমি ‘ভ্যাকসিন বিজয়’ পাই, তা চায়নি এফডিএ ও ডেমোক্র্যাটরা। তাই নির্বাচনের পাঁচ দিন পরে এটি (ঘোষণা) এসেছে – যেমনটা আমি সবসময় বলেছি!
তিনি দাবি করেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট থাকলে আগামী চার বছরেও ভ্যাকসিন পাওয়া যেত না, আর এফডিএ-ও সেটি এত দ্রুত অনুমোদন দিত না। যুক্তরাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতায় লাখ লাখ মানুষের প্রাণ ধ্বংস হতো।
অবশ্য এখনই বিশ্বের মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ২ লাখ ৩৮ হাজার জন।
সেখানে এখনও কমেনি করোনার সংক্রমণ, প্রায় প্রতিদিনই চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। গত ১০ দিনে যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছেন।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 











