লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপান করে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। এর আগে, সকালে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ওই বান্দেরকুড়া গ্রামের খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান (৩৬) ও বাংটু কুমারের ছেলে রঞ্জিত কুমার (৪৪)।
অসুস্থরা হলেন, একই গ্রামের বেলাল হোসেন, সেকেন্দার আলী ও সবুজ আলী।
চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে দুইজনের অবস্থার অবনতি হলে দুপুরে রমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই দুই ব্যক্তি মারা যান। অসুস্থ ৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন জানান, বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখেছে পুলিশ।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 












