সর্বশেষ: বাইডেন ২৬৪-২১৪ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে উইসকনসিনের পর মিশিগানে জিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন চূড়ান্ত জয়ের পথে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন।
তিনি বলেছেন, তিনি জয়ী হচ্ছেন, এটা ‘স্পষ্ট’। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যাচ্ছেন আইনি লড়াইয়ের পথে। সেক্ষেত্রে চূড়ান্ত ফল পেতে অপেক্ষা আরও বাড়বে।সবার নজর এখন পেনসিলভেইনিয়া, অ্যানিজোনা আর জর্জিয়ার দিকে।
ভোট গণনা এখনও চলছে বলে জয়-পরাজয় নিশ্চিত হতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও।করোনাভাইরাস মহামারীর মধ্যে এই নির্বাচনে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। এক শতকের বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ছে বলে ধারণা করা হচ্ছে। পোস্টাল ব্যালট গোণা শেষ হতে সময় লাগছে বেশি।
ট্রানজিশন ওয়েবসাইট খুলেছেন বাইডেন

গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের ফল আসতে এখনও বাকি, তাই যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়। তবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই জয় পাচ্ছেন, এটা ‘স্পষ্ট’। আর সেজন্য তিনি প্রস্তুতিও নিতে শুরু করেছেন।
ইতোমধ্যে জো বাইডেনের ট্রানজিশন ওয়েবসাইট চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘বিল্ড ব্যাক বেটার’। সেখানে বলা হয়েছে, মহামারী থেকে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে জাতিগত বৈষম্য- মারাত্মক সঙ্কটের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রকে যেতে হচ্ছে।
“আমাদের ট্রানজিশন টিম পূর্ণোদ্যমে প্রস্তুতি নেবে, যাতে বাইডেন-হ্যারিস প্রশাসন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই সক্রিয় থাকতে পারে।”
ভোটের ফল যার পক্ষেই যাক, তার মেয়াদ শুরু হবে আগামী জানুয়ারি মাসে। রেওয়াজ অনুযায়ী, একজন প্রার্থী যখন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতির জন্য তিনি একটি ট্রানজিশন টিম তৈরি করেন।
এবারের নির্বাচনে চূড়ান্তভাবে বিজীয় হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট এখনও পর্যন্ত কেউ পাননি। তবে বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প দুজনই দাবি করছেন, তারা জয় পাচ্ছেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











