‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় ৫ জন গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গোয়ালন্দ থানার বিভিন্ন স্থান থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রয়ছেন। এছাড়া এখন পর্যন্ত নুরাল পাগলের মাজার ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় কোনো অভিযোগ আসেনি।
এর আগে, শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে ৩৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা।
উল্লেখ্য, ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগল। এরপর তার ভক্তরা দরবারের ভেতরে তাকে কবর দেন এবং কবরের উপরের ১০-১২ উঁচু একটি স্থাপনা নির্মাণ করা হয় যা সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলমানদের কেবলা কাবা শরীফে মত দেখতে। তাই এ নিয়ে আপত্তি জানাচ্ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ।
স্টাফ রিপোটার : 











