চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বুধবার সদর উপজেলার হাজরাহাটি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শিপন আলী (৪২) নামের এই ব্যক্তি হাজরাহাটি গ্রামের বাসিন্দা।নিহতের স্বজনের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পারিবারিক অশান্তির কারণে গত শুক্রবার শিপন তার বাড়িতে স্ত্রীকে (৩৬) মারধর করেন।
এতে গুরুতর জখম হলে স্থানীয়ভাবে তার চিকিৎসা করানো হয়নি।“মঙ্গলবার এই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন স্বামী শিপন আলী। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।”
ওসি জানান, হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সদর উপজেলার মোমিনপুর গ্রামের এই মেয়ের সঙ্গে ১৮ বছর আগে শিপনের বিয়ে হয়। ওদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 















