ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডে আটক মো. তুহিনের বিরুদ্ধে এর আগেও মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছিল। আসাদুল্লাহ সোহাগ (২১) নামে এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেছেন। তার দাবি, একই কৌশলে তাকে ডেকে নিয়ে তার হোন্ডা নিয়ে গিয়েছিল তুহিন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অপ্রতীম হত্যাকাণ্ডে তুহিন আটকের খবর ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সোহাগ। সেখানে তিনি দাবি করেন, কয়েক বছর আগে তুহিন তাকে ডেকে নিয়ে কৌশলে তার মোটরসাইকেলটি নিয়ে যায়। এ ঘটনায় তিনি সদর দক্ষিণ থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নিয়ে শুধু একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেছিল।
সোহাগ তার পোস্টে লেখেন, “চোর তুহিন থেকে আজকে সে খুনি তুহিন!” তার অভিযোগ, তুহিনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তখন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এমনকি তুহিনের মাথার ওপর একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার হাত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
সোহাগ আরও দাবি করেন, ওই সময় তুহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে হয়তো পরবর্তীতে বড় ধরনের অপরাধ করার সুযোগ তৈরি হতো না। ছোট অপরাধের বিচার না হলে অপরাধীরা পরবর্তী সময়ে আরও বড় অপরাধে জড়িয়ে পড়ার সাহস পায় বলেও মন্তব্য করেন তিনি।
নিজের অভিযোগের সমর্থনে সোহাগ ফেসবুক পোস্টের সঙ্গে একটি অভিযোগপত্রের ছবি, চুরি যাওয়া মোটরসাইকেলের ছবি, তুহিনের ছবি এবং একটি ফটোকার্ড সংযুক্ত করেছেন।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
অপ্রতীম হত্যাকাণ্ডে তুহিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অপর দুজন হলেন শাহরিয়া আনাস ও মো. ফাহিম। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তুহিনের বাসা থেকে অপ্রতীমের মায়ের আইফোনও উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশের সংবাদ সম্মেলনে অপ্রতীম হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
স্টাফ রিপোর্টার কুমিল্লা: 


















