ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা তাঁর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে তিনি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সশরীরে উপস্থিত হয়ে এই আবেদন জমা দেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।
সে বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। আজ থেকে শুরু হওয়া ইসির আপিল কার্যক্রমের প্রথম দিনেই তিনি তাঁর প্রার্থিতা বৈধ করার দাবিতে আবেদন জানালেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল কার্যক্রম আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রার্থীদের সুবিধার্থে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। ডা. তাসনিম জারা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ পড়া প্রার্থীরা আজ থেকে আপিল করা শুরু করেছেন।
সম্প্রতি ডা. তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। চিকিৎসা পেশার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত এই তরুণ নেত্রী নির্বাচনী দৌড়ে ফিরতে পারবেন কি না, তা জানা যাবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে ইসির আপিল নিষ্পত্তির শুনানির পর।
স্টাফ রিপোর্টার: 











