বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে তারা গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হন।
কার্যালয়ে পৌঁছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। শোক বইয়ে স্বাক্ষর শেষে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শোক বইয়ে স্বাক্ষরের পাশাপাশি বাম জোটের নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বাম গণতান্ত্রিক জোটের পক্ষে এই সাক্ষাতে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলীসহ আরো নেতারা।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, সাক্ষাৎকালে বাম গণতান্ত্রিক জোটের নেতারা তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন। তারেক রহমান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। আলোচনা শেষে বাম জোটের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রটি জানিয়েছে।
এই সাক্ষাৎকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সৌজন্য ও মতবিনিময়মূলক একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: 











