রাজবাড়ীর কালুখালীতে পশুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী ও ২টি গরু মারা গেছে। এ ঘটনায় আরও দুই ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) দুপুর ১ টার কিছু পড়ে উপজেলার বাংলাদেশ হাট নামক স্থানে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার মধুপুরের কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও পশ্চিম আব্দাল এলাকার রফিক হোসেন (৪০)।
আহতরা হলেন, মো. ওয়াসিম ও মো. খবির উদ্দিন। তাদের বাড়িও একই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশুবাহী ট্রাকটি কুষ্টিয়া ইবি থানা থেকে ঢাকার উদ্দেশ্যে ১৪টি গরু ও ১২জন ব্যবসায়ী নিয়ে যাচ্ছিলো। কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক স্থানে কাছাকাছি আসলে কালুখালী থেকে পাংশা গামী একটি ইজিবাইকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনা স্থলে ২জন ব্যবসায়ী ও ২টি গরু মারা যায়। এ ঘটনা আহত ২জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে কালুখালী হসপিটালে ভর্তি করেছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে দ্রুত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনা স্থলে ২ জন মারা যায়। এছাড়াও গুরুতর আহত ২ জন কে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়েছে।নিহত পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে।

স্টাফ রিপোটার : 











