আন্তর্জাতিক ডেক্সঃ নেপালে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এভারেস্টের চূড়ায় বিভক্তি রেখা টানতে যাচ্ছে চীন।
নেপাল থেকে যারা পর্বতে উঠবেন তাদের আলাদা করতেই এই সিদ্ধান্ত। তিব্বতের একটি শেরপা দল এই রেখা টানবে।
নেপালের অংশে এভারেস্টের বেসক্যাম্পে এপ্রিলের শেষ দিক থেকে একের পর এক পর্বতারোহী কোভিড-১৯ ‘পজিটিভ’ হচ্ছেন। দেশটিতে রাজস্ব আয়ের একটি বড় উৎস বিদেশি পর্বতারোহীরা। তাই সংক্রমণের এ হারের মধ্যেও পর্বতারোহণ বন্ধ করেনি দেশটির সরকার। জুনে বর্ষা শুরুর আগ পর্যন্ত এভারেস্টে আরোহণের এই মৌসুম চলবে। অন্যদিকে গত বছর করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই চীন বিদেশি পর্বতারোহীদের তিব্বতের অংশ দিয়ে এভারেস্টে ওঠার অনুমতি দিচ্ছে না।
নিজ দেশের নাগরিকদের নতুন করে করোনার থাবা থেকে রক্ষা করতে এভারেস্টে বিভক্তি রেখা টানার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় জানানো হয়, নেপালের দিক থেকে এভারেস্টে ওঠা পর্বতারোহীদের থেকে যাতে চীনের তিব্বতের দিক দিয়ে ওঠা আরোহীদের আলাদা রাখা যায় সে জন্যই এ ব্যবস্থা করা হচ্ছে।
তিব্বতে শেরপাদের একটি ছোট দল এভারেস্টে আরোহণ করে চূড়ায় এ বিভক্তি রেখা টানবেন। কীভাবে এ রেখা টানা হচ্ছে তা পর্যবেক্ষণ করতে ২১ জন চীনা নাগরিক ইতোমধ্যেই তিব্বতের অংশ দিয়ে চূড়ায় যাওয়ার পথে রয়েছেন। তাদের পৌঁছানোর আগেই শেরপারা রেখা টানার কাজ শেষ করবেন বলে জানিয়েছে সিনহুয়া। তবে কীভাবে এ লাইন টানা হবে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। এদিকে, বিভক্তি রেখা টানা হলে ওই চীনা পর্বোতারোহীর দলটি ফিরে যাবেন নাকি নিরাপত্তা নিশ্চিত করতে সেখানেই অবস্থান করবেন তাও জানানো হয়নি। তবে দুশ্চিন্তা হলো, এভারেস্টের ওই অঞ্চলকে বলা হয় ডেথ জোন। অক্সিজেনের অভাবে সেখানে অনেক পর্বতারোহী মারা গেছেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











