কুমিল্লা প্রতিনিধিঃ সিজারের সময় পেটে গজ ব্যান্ডেজ রেখে সেলাই। দীর্ঘ পাঁচ মাস ভুগে অবশেষে মারা গেলো সেই গৃহবধূ। তার নাম শারমিন আক্তার। নিহত গৃহবধু কুমিল্লা দেবিদ্বার উপজেলার হোসেনপুর এলাকার মোবারক হোসেনের মেয়ে।
নিহত গৃহবধু শারমিন আক্তারের বড় ভাই রুহুল আমিন জানান, তারা দুই ভাই, এক বোন। বোনের শ্বশুরবাড়ী পাশ্ববর্তী মুরাদনগর উপজেলায়। তার স্বামী রাসেল উদ্দিন একজন পল্লী চিকিৎসক।
গত ৫ নভেম্বর দেবিদ্বার উপজেলা সদরের আল ইসলাম ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড হসপিটালে তার বোনের সিজার হয়। এ সময় একটি ছেলে সন্তান হয়।
ডাঃ রোজিনা ও তার সহযোগী ডাঃশারমিন আক্তার লিন্টা সিজার করান।
সিজার শেষে পেটে গজ রেখে সেলাই করেন।
এ ঘটনার পর শারমিনের ব্যাথা হলে ডাঃ রোজিনা জানান, সিজার হলে ব্যাথা হয়। পরে ডাঃ রোজিনা একমাসের ঔষধ দেন। একমাস পার হলেও ব্যাথা কমেনি।
এভাবে ঔষধ খাওয়া ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পরীক্ষার জন্য যাওয়া আসায় চার মাস কেটে যায়। রোগীর অবস্থা অবনতি হয়।
পরে শারমিনের পরিবার কুমিল্লা ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে কিছু পরীক্ষা দেয়া হয়। পরীক্ষাগুলো কুমিল্লা সম্মিলিত সামরিক হসপিটাল ( সিএমএইচ) এ করা হয়। পরীক্ষাগুলো করেন ডাঃকর্ণেল শরিফুল ইসলাম।
তিনি নিশ্চিত হন পেটে গজ ব্যান্ডেজ আছে। পরে গত ৫ এপ্রিল তিনি অপারেশন করে শারমিনের পেট থেকে গজ বের করে আনেন। ততদিনে শারমিনের পেটে ইনফেকশন হয়ে যায়। পরে পাঁচদিন ময়নামতি জেনারেল হসপিটালে অভজারবেশন শেষে অবস্থার উন্নতি না হলে রোগীকে নিয়ে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন ডাক্তার শরিফ।
পরে শারমিনের পরিবার ঢাকা ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করান। সেখানে আইসিইউ ও লাইফ সাপোর্ট থাকার পর গতকাল রাত দেড়টায় শারমিন আক্তার মারা যান।
নিহত গৃহবধূ শারমিনের স্বামী রাসেল বলেন, ডাক্তারের ভুলে তার স্ত্রী মারা যায়। এখন তার পাঁচমাস বয়সী একটি ছেলে ও সাড়ে তিন বছর বয়সী একটা মেয়ে আছে। তিনি চিকিৎসকদের বিচার দাবী করেন।
বিষয়টি নিয়ে দেবিদ্বার আল ইসলাম হসপিটালের এমডি নিয়াজ মোহাম্মদ হোসেন জানান, আজ শারমিন আক্তারের জানাযার পরে আমরা ডাক্তারদের নিয়ে বসবো। তারপরেই বিস্তারিত বলবো।
ডাক্তারের ভুলে রোগী মারা যাবার বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমি ঘটনা জেনেছি। আমরা এখনো ভুক্তভোগী পরিবার থেকে লিখিত কোন অভিযোগ পাইনি।
তবুও আমরা ওই ডাক্তার ও তার সহযোগীর বিষয়ে তদন্ত করবো। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টায় বাবার বাড়ীতে নিহত গৃহবধূ শারমিনের প্রথম জানাযা এবং দুপুরে স্বামীর বাড়ীতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











