আন্তর্জাতিক ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক হেলিকপ্টার চালক। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজ্যের কাঠুয়া জেলায় দুর্ঘটনাটি ঘটে।
পরে হাসপাতালে নিহত হন এর চালক। গুরুতর আহত অবস্থায় আরেক চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, পাঞ্জাবের পাঠানকোট শহর থেকে আসছিল হাল্কা ওজনের সেনার হেলিকপ্টার ‘ধ্রুব’।
কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পড়ার সময় হেলিকপ্টারটিতে দুজন চালক ছিলেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, আকাশে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর অবতরণের সময় তা দুর্ঘটনার কবলে পড়ে।
কাঠুয়া জেলার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুজন চালককে সেনা হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। এরপর হাসপাতালেই সেই পাইলটের মৃত্যু হয়। আর অন্য জনের চিকিৎসা চলছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











