নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর উত্তরপাড়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেটে প্রায় ২৭ হাজার টাকার ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. আবুল হোসেন কবলা মূলে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে উক্ত তফসিল বর্ণিত জমি ভোগদখল করে আসছিলেন। কিন্তু বিবাদীরা দীর্ঘদিন ধরে উক্ত জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিল এবং বিভিন্ন সময় বাদী ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে পূর্বে থেকেই মামলা চলমান রয়েছে।
গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যায় বিবাদীরা হলেন— মো. আক্কাস (৬৫), মো. রশিদুল ইসলাম (৩০), মো. হারুন (৪০), মো. হাফিজুর রহমান (৩৮), মো. শহিদুল ইসলাম (৩৫) (সকলে পিতা-মৃত আক্কাস), মো. সেকেন্দার (৪২) (পিতা-মৃত মুনসুর আলী) এবং মো. মনো (৪০) (পিতা-মো. হামেদ)— সকলের সাকিন শিবরামপুর উত্তরপাড়া, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ।
বাদীর বাগান থেকে পেয়ারা ও মাল্টা গাছ কেটে প্রায় ২৭,০০০ টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে খোঁজাখুজির একপর্যায়ে সাক্ষী মো. বাবুল ইসলামের মাধ্যমে জানা যায় যে, ২৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিবাদীরা উক্ত সাক্ষীর বসতবাড়ির দরজা ধাক্কাধাক্কি করে বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।
জমিজমাসংক্রান্ত জের ধরেই বিবাদীরা এই হামলা ও গাছ কাটার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মহাদেবপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
স্টাফ রিপোর্টার, নওগাঁ 




















