শরতের স্নিগ্ধ বিকেলে কবিতা, গান আর সাহিত্য আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত মাসিক সাহিত্য আড্ডার আসর।
সম্প্রতি কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত এক মিলনমেলায় পরিণত হয়।
আয়োজনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলামের ‘আত্মমুক্তি ও জাতীয়তাবাদ’ এবং বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুর রউফ মান্নানের ‘ছেঁড়াস্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়।
গ্রন্থ আলোচনা পর্বে ‘আত্মমুক্তি ও জাতীয়তাবাদ’ বইটির ওপর আলোচনা করেন ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ আইয়ুব আলী। অন্যদিকে ‘ছেঁড়াস্মৃতি’ বইটি নিয়ে আলোকপাত করেন সংগঠনের সভাপতি ড. আবুল হায়াত ইসমাইল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে জাভেদ নওরোজ আলমগীর ও হাসান মোহাম্মদ শাহরিয়ার পল্লবের মনোজ্ঞ আবৃত্তি এবং কবি আরিফুর রহমান, কবি আশরাফুল ইসলাম চৌধুরী, কবি নিষ্কৃতি কুমার মণ্ডল, কবি শাহনাজ বেগম শানু, কবি সানাউল হোসাইন, কবি ইসমাইল হোসেন মন্ডল, কবি অনিমা দেবনাথ, কবি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ও কবি রিফাত দেওয়ানের স্বরচিত কবিতা পাঠ আসরকে ভিন্ন মাত্রা দেয়।
সুর ও সঙ্গীতের মূর্ছনায় আসর জমিয়ে তোলেন শিল্পী ও কবি গুলজার রহমান, অনিমা দেবনাথ, আ হ ম আসাদুজ্জামান, শামসুল আলম, স্বদেশ কুমার মন্ডল, লুৎফুল হায়দার ও আবু হেনা। এ ছাড়া প্রবন্ধের অংশবিশেষ পাঠ করেন কবি মাহবুব হেলাল।
ড. আবুল হায়াত ইসমাইলের সভাপতিত্বে এবং আহম্মদ হোসেন বাবুর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান, বাবুল হোসেন, মকবুল হোসেন ও আবুল খায়ের মোল্লাসহ সাহিত্য ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
।। হাসান শাহরিয়ার পল্লব ।। 













