নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শোনা যাচ্ছে, তিনিও নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই চার হাত এক হতে পারে শ্রদ্ধা কাপুর ও তার প্রেমিক লেখক রাহুল মোদীর। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুজনের কেউই।
গত কয়েক মাস ধরেই রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতা নিয়ে বলিপাড়ায় গুঞ্জন চলছে। কখনও বিমানে একসঙ্গে দেখা যাওয়া, কখনও ছুটির দিনগুলো কাটানো সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে বলিউডে কানাঘুষা থামছেই না।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রাহুল। ভিডিওটিতে শ্রদ্ধাকে লাজুক হাসি দিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। এই দৃশ্যের পর থেকেই গুঞ্জন আরও জোরালো হয় তারা কি তবে ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন?
এদিকে, বিয়ের খবর নিয়ে একাধিকবার সাংবাদিকরা প্রশ্ন করলেও বরাবরের মতো শ্রদ্ধা কৌশলে এড়িয়ে গেছেন। তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, দুই পরিবারই বিষয়টি নিয়ে আলোচনায় রয়েছে এবং সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে।
প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘স্ত্রী’সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, রাহুল মোদী পেশায় একজন লেখক ও স্ক্রিনরাইটার।
বিনোদন ডেস্ক: 











