এদেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি। এ কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বর্তমানে দেশে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু এই দল ফিনিক্স পাখির মতো; তাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সেই দল যারা উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গড়ে উঠেছি।
মির্জা ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।
সম্মেলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পর বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে, সেটি কাজে লাগানোর সম্মেলন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।

স্টাফ রিপোটার : 











