কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নিহতরা নগরীর সুজানগর এলাকার হলেও গত ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নিহত তাহমিনার দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তাহমিনার মেয়ে সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
রোববার মা-মেয়ে ছাড়া বাসায় কেউ ছিল না। রাতে ১১টার দিকে নিহতের দুই ছেলে ফয়সাল ও আল-আমীন ঢাকা থেকে এসে মা ও বোনের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ঘটনার খবর পাই আমরা রাত আড়াইটার দিকে। পরে সেখানে যাই। খাটের নীচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোটার : 





















