আন্তর্জাতিক ডেক্স : ব্রিটেনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ বছরের একটি শিশুও রয়েছে।
ইংল্যান্ডের প্লাইমাউথ শহরে শটগান দিয়ে ৬ মিনিটের এই হত্যাযজ্ঞ চালান হত্যাকারী। পরে নিজেও আত্মহত্যা করেন খুনি। ব্রিটিশ পুলিশ বলছে, এক দশকের বেশি সময়ের ভেতর এটি ব্রিটেনে প্রথম গণহত্যার ঘটনা। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও বিবিসি এই খবর জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে ব্রিটেনের দক্ষিণ-পশ্চিমের সাগরপাড়ের শহর প্লাইমাউথে সংঘটিত এই হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। ব্রিটেনের আগ্নেয়াস্ত্র আইন অনেক কড়া। তারপরও ঠেকানো যায়নি বন্দুক দিয়ে সংঘটিত গণহত্যা। হত্যাকারীর নাম জেক ডেভিসন। হত্যাকাণ্ডে ব্যবহিত বন্দুকটির লাইসেন্স ছিল তার নামে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের পক্ষ থেকে এই হামলার ঘটনাকে বড় আকারের বন্দুক হামলা বলে উল্লেখ করা হয়। তবে ঘটনার পরেই পুলিশ ওই স্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের কোনো পরিষ্কার মোটিভ খুঁজে পাননি তারা। তবে বিষয়টির সঙ্গে জঙ্গি হামলার কোনো সম্পর্ক নেই বলে ভাবছে পুলিশ।
তবু তারা খুনির ল্যাপটপ পরীক্ষা করে দেখছেন। খুনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন কিনা তা জানা যায়নি এখনো। হত্যাকাণ্ডের আগে কিছুদিন ধরে ফেসবুক ও টুইটারে ক্রমাগত ভিডিও পোস্ট করে আসছিলেন তিনি। সেসব ভিডিওতে তাকে অবসাদগ্রস্ত মনে হয়েছে।
পুলিশের চিফ কনস্টেবল শন সয়ার বলেন, ‘আমরা ধারণা করছি ঘটনাটি পরিবারের সঙ্গে সম্পর্কিত। পারিবারিক সমস্যা বাড়তি আকার ধারণ করেছে যার ফলে দুঃখজনকভাবে মারা গেছেন প্লাইমাউথের কয়েকজন মানুষ।’
এদিকে বন্দুক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এক টুইট বার্তায় বলেন, ‘প্লেমাউথের ঘটনা ভীতিকর। ঘটনার ভুক্তভোগীদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।’
তিনি সবাইকে শান্ত থেকে পুলিশের নির্দেশনা অনুসরণ এবং জরুরি সেবামূলক সংস্থার সদস্যদের দায়িত্ব পালনে সহায়তার জন্য আহ্বান জানান।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











