স্টাফ রিপোর্টারঃ ভারত থেকে আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে এসেছে।
করোনা রোগীদের চিকিৎসার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) চালান নিয়ে ট্রেনটি ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি পৌঁছায় বলে জানান বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
জানা যায়, ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিক্যাল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে অক্সিজেন নামিয়ে ট্রেনটি এ পথ দিয়েই আবারও ভারতে ফিরে যাবে।
জানা গেছে, করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) এর আমদানিকারক ‘লিন্ডে বাংলাদেশ’। রফতানিকারকও ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেয়া হবে। তারপর গন্তব্যে রওনা দেবে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











